হসপিটালে বা রাস্তায় গিয়ে নয়, দপ্তরে বসে কাজ করুন - স্বাস্থ্যমন্ত্রী ও পুরোমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী
বুধবার নবান্নতে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের কাজের আগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেই সময় শারদ্বত ও অগ্নিমিত্রার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই তাঁদের দফতরে বসে মন দিয়ে কাজের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। শহরকে আরও স্বচ্ছ ও পরিষ্কার রাখতে প্রতিদিনই ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কখনও বেআইনি পার্কিং দেখলে বকাঝকা করেন, কখনও আবার রাস্তাকে আরও সুন্দর করে তোলা যায় সেই পরামর্শ দেন। এই নিয়ে যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন তেমনই আবার কয়েকটি ক্ষেত্রে বিতর্কও তৈরি হয়েছে। ফুটপাথে এক মহিলা সন্তানের দুধ গরম করছিলেন, তাঁকে ধমকানোর অভিযোগ ওঠে মন্ত্রীর বিরুদ্ধে। পরে যদিও অগ্নিমিত্রা জানান, এভাবে রাস্তায় আগুন জ্বাললে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। গোটা বিষয় পরে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়।
আবার দোকানের সামনে সাইকেল দাঁড় করানো কিংবা রাস্তা দিয়ে না হাঁটার পরামর্শ দিতেও দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। মন্ত্রী যদিও বলেছিলেন, ফুটপাথ ব্যবহার করে হাঁটলে দুর্ঘটনা কম ঘটবে। তবে এই সব কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আলোচনাও চলে বিস্তর। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীও কলকাতা হোক কিংবা জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে সবটা পরিদর্শন করেন। নানা পরামর্শ দেন। তবে বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের নানা খবর সামনে এসেছে। বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।