" বুদ্ধবাবু চেয়েছিলেন শিল্প, কিন্তু তার পার্টি পলিসি খুব নেগেটিভ ছিল "- শুভেন্দু অধিকারী
নতুন সরকার বিনয়োগের নতুন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার জন্য শিল্পপতিদের কাছে ক্রমাগত আবেদন করে চলেছেন। তাঁর মূল লক্ষ্য কর্মসংস্থান তৈরী করা। এ দিন মিলনমেলা প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গে সংস্কার ফিরে এসেছে। ২৬ তারিখের আগে শুরু করুন কাজ, কারণ তারপর পিতৃপক্ষ শুরু হচ্ছে। জুট বা পাট শিল্প শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে। টিটাগড় থেকে আসানসোল পর্যন্ত, এরা শিল্পাঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল, তারা প্রথমেই এসে বলল, জমি দেওয়া যাবে না। এটা কোনও জমি পলিসি হতে পারে না। শিল্প আকাশে হয় না, জলে হয় না। জলে বন্দর হতে পারে। কিন্তু শিল্পের জন্য জমির দরকার।”
শিল্পপতিদের উদ্দেশ্যে বললেন, “কমিউনিস্টরা শুধু হরতাল স্ট্রাইক করে সব শিল্প ধ্বংস করেছে। বুদ্ধবাবু চেয়েছিলেন শিল্প, কিন্তু তার পার্টি পলিসি খুব নেগেটিভ ছিল। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে কেন ২০০৬ সালে নোটিস ইস্যু করা হয়েছিল? এর কোনও নিয়ম নেই। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কোনও অধিকার নেই এই জমি অধিগ্রহণের নোটিস ইস্যু করার। দেখেছেন কেমন জমি পলিসি ছিল। তারপরে মমতার সরকার জমি দেয়নি। এটা কোনও শিল্প নীতি নয়। শিল্পপতিদের বলেছিলেন যাও জমি খুঁজে নাও আমরা দেবো না।” নতুন সরকারের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের সরকার ক্ষমতার অপব্যবহার করবে না, পুলিশের অপব্যবহার করবে না। ডাবল ইঞ্জিন সরকার, আসুন এখানে বিনিয়োগ করুন। এখানে আর তোলাবাজি হবে না। কেন্দ্রের কড়া নির্দেশ রয়েছে।"