Type Here to Get Search Results !

বাসরুটে আর টোটো চলবে না - জানিয়ে দিলো পরিবহন দপ্তর

 বাসরুটে আর টোটো চলবে না - জানিয়ে দিলো পরিবহন দপ্তর 



  জিটিরোড সহ যেই রুটে বাস  চলে সেই রুটে আর টোটো বা ই-রিকশা চলানো যাবে না। এই কড়া নির্দেশিকা দিলো পরিবহন দপ্তর। আগেই রাজ্য পুলিশের ডিজি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং। চিঠিতে জানানো হয়েছিল, ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা বা টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ বা স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ব্যবহার করার কথা। ২০১৬ সালের রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশে নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় এবং রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টোটো চলছে। এর ফলে যানজট তৈরি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


  আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে বলা হয়েছে। কারণ এখনও দেখা যাচ্ছে জেলায় জেলায় জিটি রোডে টোটো বে-আইনিভাবেই যাত্রী নিয়ে ছুটছে। কিন্তু জিটি রোড রাজ্য সড়কের আওতাতেই পড়ে। তাই জিটি রোডে টোটো বন্ধে কড়া হতে বলা হয়েছে। নিয়ম ভাঙলে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, আগের সরকারের আমলেও জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করার কথা বলেছিল। কিন্তু আদতে তা বাস্তবায়িত হয়নি। কিন্তু এই সরকার প্রথম থেকেই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। এমনকী, জিটি রোড এবং বাসরুটেও টোটো নিষিদ্ধের পথে হাঁটতে চলেছে রাজ্য। জেলায় জেলায় তা বলা হয়েছে পুলিশকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.