Type Here to Get Search Results !

নেপালের পাশে দাঁড়ালেন সোনু সুদ

 বিনোদন 


নেপালের পাশে দাঁড়ালেন সোনু সুদ 



  সোনু সুদ মানেই একজন সংবেদনশীল অভিনেতা। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারও নেপালের মানুষের পাশে। সম্প্রতি বিধ্বংসী হড়পা বান আর বন্যায় একেবারে ভেসে গিয়েছে প্রতিবেশী দেশ নেপাল। শয়ে শয়ে মানুষের প্রাণ গিয়েছে, তলিয়ে গিয়েছে ঘরবাড়ি। চরম এই দুর্দশার খবর কানে আসতেই হাত গুটিয়ে বসে থাকেননি সোনু। ভারত থেকে সোজা ত্রাণের গাড়ি নিয়ে কাঠমান্ডুতে পা রাখলেন তিনি। সেখানে পৌঁছেই দুর্গত মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। শুধু শুকনো মুখে আশ্বাস দেওয়া নয়, ভারত থেকে নিয়ে যাওয়া বস্তা বস্তা খাবার আর প্রচুর কম্বল তুলে দেন গৃহহারাদের হাতে। কাঠমান্ডুতে দাঁড়িয়ে বার্তা সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে সোনু স্পষ্ট বলেন, “আমরা এখানে এসেছি বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে এবং তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে। আমরা চেষ্টা করব তাঁদের জীবন আবার নতুন করে গড়ে তোলার।”


  তিনি মনে করিয়ে দেন, শুধু এক বেলার খাবার দিয়ে এই পরিবারগুলোকে বাঁচানো যাবে না। মাটি কামড়ে পড়ে থেকে এদের ফের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করতে হবে। সোনুর নিজের কথায়, “নিজের সাধ্যমতো এগিয়ে আসা প্রত্যেকের কর্তব্য। আমরা প্রচুর কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। এখনও মানুষের কী কী চাই, তা জেনে নিচ্ছি। তাঁদের যা যা দরকার, আমরা ভারত থেকে পাঠানোর পুরো চেষ্টা করছি। আগামী কয়েক মাসেও যাতে নেপালে নিয়মিত ত্রাণ পৌঁছয়, আমরা সেই দিকটাও নজরে রাখব।” আসলে সোনুর এই ছুটে যাওয়া হঠাৎ করে নয়। গত ২৬ অগস্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি নিজেই অভয় দিয়ে লিখেছিলেন, “নেপাল, তোমরা একা নও। খাবার, আশ্রয় এবং তোমাদের আবার নতুন করে বাঁচার শক্তি জোগাতে আমরা আসছি।” সেই কথা মুখেই রেখে দেননি, বাস্তবে কাজে করে দেখালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.