মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে দাঁড়াতে পারলো না পাকিস্তান
পুরুষই বলুন আর মহিলাই বলুন, সব শাখাতেই পাকিস্তানের থেকে ভারত যে অনেক এগিয়ে তা আবার প্রমান হলো। মহিলা এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। নবম ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে দুর্দান্ত ব্যক্তিগত রেকর্ডও করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মহিলা ও পুরুষ, দুই ধরনের ক্রিকেটেই ১৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা বিশ্বের প্রথম ক্রিকেটার হলেন হরমনপ্রীত। শনিবার দুবাইয়ে আয়োজিত মহিলা এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে এ দিন কার্যত মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না তারা। ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
মহিলা টি-টোয়েন্টির ইতিহাসে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্দশা এমন পর্যায়ে পৌঁছয় যে দলের চার ব্যাটার কোনও রান না করেই সাজঘরে ফেরেন। মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। মুনিবা আলি করেন ১৩ রান। ভারতের দুর্দান্ত বোলিংয়ের নেতৃত্ব দেন স্পিনার শ্রী চরণী এবং প্রেমা রাওয়াত। দু'জনেই পাকিস্তানের ব্যাটিংয়ের ছন্দ নষ্ট করে তিনটি করে উইকেট তুলে নেন। তাঁদের সঙ্গে যোগ দিয়ে দীপ্তি শর্মা নেন দু'টি উইকেট। শেফালি বর্মাও পান একটি সাফল্য।তবে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দলের হাত থেকে ক্যাচ পড়েছে, হয়েছে মিসফিল্ডও। কিন্তু পাকিস্তানের ব্যাটিং এতটাই হতাশাজনক ছিল যে ভারতের সেই ভুলগুলি ম্যাচের ফলে কোনও প্রভাব ফেলতে পারেনি।