কলামন্দিরে বিকাশ, জহরদের অনুষ্ঠান বাতিল করলো রাজ্য
রাজ্য থেকে মুক্ত গণতন্ত্র বিদায় নিয়েছে বলেই দাবি নাগরিক মহলের। ১৫ দিন আগে মুক্ত কনভেনশন করার অনুমতি দিলেও শেষ পর্যন্ত কোনো অজানা আঙ্গুলি হেলনে বাতিল করা হলো সেই বুকিং। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দেশের রাজনীতি। এই আবহে তৃতীয়ার দিন ভোটাধিকার রক্ষার দাবি নিয়ে কনভেনশনের ডাক দেয় ‘সেভ ডেমোক্রেসি’। জানা গিয়েছে, এই কনভেনশনের জন্য কলামন্দিরের হলকে বেছে নিয়েছিলেন আয়োজকরা। বুকিংও হয়ে গিয়েছিল। অগ্রিম হিসেবে ১ লক্ষ ৩৫ হাজার ৪৬০ টাকা কলামন্দির কর্তৃপক্ষকে দিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকরা। কিন্তু বুকিংয়ের ঠিক ১৫ দিন পরে জানিয়ে দেওয়া হয়, ওই দিন হল দেওয়া যাবে না। কারণ সেখানে সরকারের অনুষ্ঠান রয়েছে। অগ্রিম টাকা ফেরত নিয়ে যাওয়ার কথাও বলা হয় কর্তৃপক্ষের তরফে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। প্রথমে কলামন্দির কর্তৃপক্ষ অত্যন্ত উৎসাহ দেখিয়ে বুকিং নিয়েছিল। কিন্তু ১৫ দিন পরে জানিয়ে দেয়, অনুষ্ঠানের জন্য হল দেওয়া যাবে না।
এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিকাশ। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রেই বামপন্থী নাট্যদলগুলিকেও হল বা মঞ্চ দেওয়া হচ্ছে না। কলামন্দির ‘না’ বলে দেওয়ার পর কনভেনশনের জন্য বিকল্প জমিও ঠিক করে ফেলেছেন আয়োজকরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, কলামন্দিরের পরিবর্তে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের নির্দিষ্ট জমিতেই নাগরিক কনভেনশন সম্পন্ন হবে। নির্ধারিত দিনেই হবে অনুষ্ঠান। এই নাগরিক কনভেনশনে আসতে পারেন অভিনেতা প্রকাশ রাজ।
