অবশেষে ক্যাপ্টেন স্মিত জানালেন ককপিটের ভিতর কি হয়েছিল
ফ্লাইদুবাইয়ের ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়ে গেছে। বোঝা গেছে আরো সতর্ক না থাকলে এই ঘটনা আবার ঘটবে। ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে স্যালুট জানাচ্ছে গোটা দুনিয়া। শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়ে আজ তিনি সকলের হিরো। সেদিন ককপিটে ভয়াবহ হামলার ঘটনায় এবার মুখ খুললেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। বিমানের ভিতরে ঠিক কী ঘটেছিল, কীভাবে কো-পাইলট তাঁকে আক্রমণ করেছিলেন এবং কীভাবে শেষ মুহূর্তে ককপিটের দরজা খুলে যাত্রীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় গোটা ঘটনার বিবরণ দেন মচ্ছর। তাঁর সাহস এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করে তাঁকে ‘হিরো’ বলেন নেতানিয়াহু। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁকেও ইজরায়েলের পরবর্তী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু।
মচ্ছরের কথায়, ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই (Flydubai)-এর এফজেড১০৭৩ (FZ1073) বিমানে সবকিছু স্বাভাবিকই ছিল। আচমকাই কো-পাইলট প্রার্থনা করার জন্য নিজের সিট থেকে উঠে দাঁড়ান। বিষয়টি খুব স্বাভাবিক হওয়ায়, ক্যাপ্টেন স্মিত মচ্ছর সম্মান দেখিয়ে পিছনে না তাকিয়ে, সামনের দিকে তাকিয়েই ছিলেন। এর কয়েক মিনিট পর আচমকাই মাথার পিছনে জোরালো আঘাত করা হয় মচ্ছরকে। প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো বিমানের কোনও অংশে সমস্যা হয়েছে বা কোনওভাবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে তীব্র ঝাঁকুনিতে আঘাত লাগল। কিন্তু পরপর আরও আঘাত আসতে থাকলে তিনি বুঝতে পারেন, বিমান নয়, তাঁর পাশেই থাকা কো-পাইলট তাঁকে মারছেন।
মচ্ছর বলেন, “প্রথম আঘাতগুলির পর আমার দৃষ্টি প্রায় ঝাপসা হয়ে গিয়েছিল। কো-পাইলটকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে ওঠে।” এর মধ্যেই তিনি বুঝতে পারেন, বিমানটি দ্রুত নীচের দিকে নামছে। সেই সময় তাঁর স্মৃতি পুরোপুরি পরিষ্কার না থাকলেও ঘটনাগুলি টুকরো টুকরো করে মনে আছে বলে জানান। একবার ককপিটের দরজা খোলারও চেষ্টা করেছিলেন মচ্ছর। কিন্তু কো-পাইলট ফের দরজা বন্ধ করে দেন। মচ্ছরের কথায়, সেটিই ছিল তাঁর কাছে শেষ সুযোগ। শরীরে আর খুব বেশি শক্তি না থাকলেও তিনি সমস্ত শক্তি দিয়ে ককপিটের দরজার দিকে এগিয়ে যান। তিনি জানান, বাইরে থেকে দরজাটি কোড ব্যবহার করে খোলার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কো-পাইলট তা করতে দিচ্ছিলেন না। ভিতর থেকে দরজা খোলার জন্য একটি নব ঘুরিয়ে দিতে হয়। কোনওরকমে সেই নবের কাছে পৌঁছে সেটি ঘুরিয়ে দরজা খুলে দেন মচ্ছর। দরজা খুলতেই বাইরে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা দ্রুত ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।