Type Here to Get Search Results !

মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার

 মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার 



  আগের সরকারের সময় কলকাতায় আসে মেসি। কিন্তু গন্ডগোলের কারণে টিকিট কেটেও বহু ফুটবল ভক্ত মেসিকে দেখতে পান নি। এবার তাদের জন্যই বিনা পয়সায় উরুগুয়ে ম্যাচ দেখার ব্যবস্থা করলেন রাজ্য সরকার। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে মেসির ম্যাচের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরই এই টিকিট দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হবে। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট দর্শকদের কাছে বিনামূল্যের টিকিটের নোটিফিকেশন পৌঁছে যেতে পারে।  গত বছরের ডিসেম্বরে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এলএম১০-কে।


  মোটা টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক তাঁকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরেছিলেন। সেই সময় ক্ষতিপূরণের কথা বলা হলেও তা নিয়ে বিতর্ক থেকেই গিয়েছিল। এবার সেই দর্শকদেরই উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হল। শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচ শেষে মেসি-পর্বের প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, এবার ফিফার নিয়ম মেনেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ভারতীয় ফুটবল দলের পাশেও রাজ্য সরকার দাঁড়াবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ওড়িশা যেভাবে ভারতীয় হকি দলের সঙ্গে রয়েছে, তেমনই বাংলার ফুটবলের পাশে থাকার কথা জানান মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ম্যাচের পর ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি ভালো পরিকাঠামোয় ম্যাচ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.