Type Here to Get Search Results !

মহাষ্টমীর প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার

মহাষ্টমীর প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার 



  চোরবাগান ঘটনার পরে অষ্টমীর সকালে মানুষের ভিড় কিছুটা কম ছিল। মানুষ থমকে দাঁড়িয়ে ছিল। কিন্তু সেই শোক বেশি সময় টেকেনি। মহাষ্টমীর সন্ধ্যা হয়েই কলকাতা ও জেলায় জেলায় মানুষের ঢল। সময় যত গড়িয়েছে, ভিড় তত বাড়ছে মণ্ডপগুলিতে। শহরের বড় প্যান্ডেল থেকে শুরু করে পাড়ার ছোট মণ্ডপ—সর্বত্রই দর্শনার্থীদের ঢল। প্রতিমা দর্শন, আলোর রোশনাই আর বাহারি মণ্ডপসজ্জা দেখতে রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। এদিকে, ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশও। সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার মহাষ্টমীর সকালে অঞ্জলি। কুমারী পুজো। বেলুড় মঠে কুমারী পুজো দেখতে ভিড় করেছিলেন বহু মানুষ। আর বিকেল গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ে ভিড়। কলকাতা থেকে জেলা, সর্বত্রই দুর্গাপুজোকে ঘিরে উৎসবের মেজাজ তুঙ্গে।


  কলকাতার নামী পুজোগুলিতে ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। কোথাও লম্বা লাইন, কোথাও আবার দর্শনার্থীদের ভিড় সামলাতে ব্যস্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি—সব বয়সের মানুষ। বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিংয়েও মেতেছেন অনেকে। শহরের বিভিন্ন রাস্তায় যানবাহনের চাপ বাড়ায় বেশ কিছু জায়গায় ধীরগতিতে চলছে যান চলাচল। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ছবিটা প্রায় একই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে নদিয়া, বর্ধমান, দুই মেদিনীপুর—সর্বত্রই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। উত্তরবঙ্গেও পুজো মণ্ডপগুলিতে একই ছবি। কোথাও সাবেকি প্রতিমা ও মণ্ডপসজ্জা, কোথাও আবার থিমের অভিনবত্ব টানছে মানুষের নজর। আলোর সাজে ঝলমল করছে শহর থেকে মফস্‌সলের অলিগলি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.