আজ, বুধবার স্বাস্থ্যভবনে অবস্থান করবেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা
একাধিক দাবি নিয়ে আজ থেকে স্বাস্থ্যভবনে অবস্থানে বসতে চলেছেন হোমিওপ্যাথি চিকিৎসকেরা। মূলত হোমিওপ্যাথি ডাক্তারদের বিভিন্ন অধিকার কেড়ে নিয়েছে সরকার। তার বিরুদ্ধেই প্রতিবাদ। হঠাৎ করেই কেড়ে নেওয়া হয়েছে ডিএমএস, ডিএইচএমএস-সহ ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার। আর তাতেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। বাড়িতে কারও মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে। এমনকী দেহ সৎকার করতে গিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে ফিরতে হয়েছে মৃতের পরিবারকে, এমন ঘটনাও ঘটেছে। অভিযোগ, দ্বিতীয় সিডিউলডে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ডিএমএস, ডিএইচএমএস-সহ ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
যার প্রতিবাদে স্বাস্থ্যভবনে সম্প্রতি স্বাস্থ্য অধিকর্তা তথা স্টেট ডেথ-বার্থ রেজিস্ট্রার এবং স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন দেয় মেডিক্যাল সার্ভিস সেন্টার। সংগঠনের সহ-সভাপতি ডা. সজল বিশ্বাস জানিয়েছেন, বুধবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি ডাক্তাররা। সংগঠনের অভিযোগ, ৯ জুলাই একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ডিএমএস, ডিএইচএমএস-সহ বিভিন্ন হোমিওপ্যাথি ডিপ্লোমাধারী এবং অন্যান্য আয়ুশ ডিপ্লোমাধারী চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার থেকে বঞ্চিত করা হয়। সংগঠনের পক্ষে যুগ্ম সম্পাদক ডা. ঝোটন দাস জানান, ১৯৯৫ সালে দীর্ঘ আন্দোলনের পর ডিএমএস, ডিএইচএমএস-সহ ডিপ্লোমাধারী চিকিৎসকদের সেকেন্ড সিডিউলডে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের যোগ্যতা অর্জন করেন। সাম্প্রতিক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দীর্ঘদিনের সেই অর্জিত অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা অন্যায়, অযৌক্তিক ও অগণতান্ত্রিক।
