বেপরোয়া গাড়ির ধাক্কায় গড়িয়া স্টেশনের পাশে আহত ৭ জন
সোমবার রাত ১০ টার পরে ঘটনাটা ঘটে। কেউ কিছু বোঝার আগেই দ্রুত গতিতে আসা একটা গাড়ি উঠেপরে ফুটপাথে। আর সেখানেই ঘটে যায় এমন ভয়ঙ্কর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গেল হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনগামী একটি দ্রুতগতির গাড়ি। আহত অন্ততপক্ষে ৭ জন। যাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিনের মতোই রাতের খাওয়াদাওয়া সেরে বা কাজ শেষ করে বাড়ির পথে ফিরছিলেন কেউ কেউ। কেউ আবার ফুটপাথের ধারে দাঁড়িয়ে সামান্য বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িটিকে অনেকটা জোরে আসতেও দেখেছিলেন অনেকে। কেউ ঘুণাক্ষরেও টের পাননি এমনটা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে পড়ে ফুটপাতে। রাস্তার ধারে থাকা মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই তাঁদের সজোরে ধাক্কা মারে গাড়িটি। পথচারীদের পিষে দিয়েও থামেনি গাড়ি। শেষ পর্যন্ত রাস্তার ধারের একটি বন্ধ দোকানে গিয়ে সজোরে ধাক্কা মেরে থামে সেটি। ধাক্কার তীব্রতায় ভেঙে গুঁড়িয়ে যায় দোকানের একাংশ।রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাতজন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘাতক গাড়িও দুমড়ে-মুছড়ে গিয়েছে। তবে ঘাতক গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালায় কসবা থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত চালককেও আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, গাড়িটিতে একজন পুরুষ ও এক মহিলা ছিলেন। এক জন প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়িটা আসছিল দেখলাম। হুশ করে চলে এসে ফুটপাতে তুলে দেয়।"
