২ কোটির সোফা? ইন্দ্রনীল সেনকে আবার হেফাজতে নিতে চলেছে লালবাজার
সীমাহীন বেহিসাবি কাজের খেসারত তো দিতেই হবে। সরকারে থাকলে সীমাহীন চুরি করা যায় না। তথ্য ও সংস্কৃতি দপ্তরে ২ কোটি টাকার সোফা কেনা হয়েছে - এটা কি বিশ্বাসযোগ্য? টেন্ডারটাও পরিষ্কার নয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরে তৃণমূল আমলে একের পর এক টেন্ডার দুর্নীতি। তার উপর পর্যটন বিভাগের টেন্ডারেও মিলেছে দুর্নীতির সন্ধান। এরই তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের নিজেদের হেফাজতে নিতে চলেছেন লালবাজারের গোয়েন্দারা। আগামী সপ্তাহে ইন্দ্রনীল সেনকে জেল হেফাজতের পর ফের আদালতে তোলা হবে। নতুন আইন অনুযায়ী, জেল হেফাজতের পরও তদন্ত ও জেরার প্রয়োজনে অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে পারে। সেই অনুযায়ীই মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ইন্দ্রনীল সেনকে ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার ব্যাপারে লালবাজারের ‘সিট’-এর পক্ষে আবেদন জানানো হতে পারে।
পুজোর প্রিভিউ পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীল সেন ও ধ্রুবজ্যোতি বসুকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। এই মামলায় হাই কোর্টে জামিন পেয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। এদিন আইন অনুযায়ী ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন নিলেন মধুছন্দা। লালবাজারের সূত্র জানিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তরের শতাধিক টেন্ডার সামনে এসেছে গোয়েন্দাদের। এর মধ্যে বেশ কিছু টেন্ডারে রয়েছে অসঙ্গতি। গোয়েন্দারা দেখেছেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষে টেন্ডার ডেকে দু’কোটি টাকার সোফা কেনা হয়েছিল। কিন্তু কত টাকার সোফা আদৌ ঠিকাদাররা সরবরাহ করেছেন, তা নিয়ে গোয়েন্দারা সন্দেহ প্রকাশ করেছেন। কেন সেই সোফার টেন্ডার ডাকা হয়েছিল, ক’টি সোফা এসেছে, আসলে কত টাকা দিয়ে সোফা কেনা হয়েছিল, সেই সোফার মান কীরকম ছিল, সেই সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর পেতে চান গোয়েন্দারা। এর আগেও তাঁরা দেখেছেন যে, বেশিরভাগে টেন্ডারই ইন্দ্রনীল সেনের আত্মীয়, পরিজন ও বন্ধুদের সংস্থা পেয়েছে।
