অক্সিজেন ছাড়াই সিলিন্ডার লাগিয়ে দেওয়া হলো রুগীর নাকে - মৃত্যু হলো তার
জুলাই ২৯, ২০২৪
0
অফবিট
অক্সিজেন ছাড়াই সিলিন্ডার লাগিয়ে দেওয়া হলো রুগীর নাকে - মৃত্যু হলো তার
একেই বলে চূড়ান্ত অব্যবস্থা। এমন অবস্থা যখন কোনো স্বাস্থ্য কেন্দ্রে হয়, তা ক্ষমার যোগ্য নয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ দত্ত। বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এরপর শনিবার তাঁর শারীরিক অসুস্থতা বাড়ায় রাজেন্দ্রকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তিকে জেনারেল থেকে সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করে হাসপাতাল। তারপরেই ঘটে বিপত্তি।
প্রথম বিভ্রাট হয়, স্ট্রেচার পাওয়া নিয়ে। তিন ঘন্টা পরে এর ওর পায়ে ধরে একটা স্ট্রেচার জোগাড় হয়। পরে কোনও মতে স্ট্রেচার জোগাড় হলে দুপুর নাগাদ সিসিইউ-তে নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবারের দাবি, জেনারেল থেকে সিসিইউ-তে নিয়ে যাওয়ার সময় রাজেন্দ্রকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। তবে তাঁর ভিতরে ছিল না অক্সিজেন। তার জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের মেয়ে বেবি মণ্ডল বলেন, “সুগার ফল্ট হয়েছে। শ্বাসকষ্ট হচ্ছিল। ভালই ছিল। দেখতেও এলাম। ডাক্তারবাবু বললেন আপনারা আইসিইউতে ভর্তি করুন। এবার তিন ঘণ্টা হয়ে যাওয়ার পরও স্ট্রেচার পাইনি। তারপর আবার খালি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।”এরপরই অসন্তোষ ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। শেষে পুলিশ এসে কোনোভাবে সামাল দেয় পরিস্থিতি।
Tags
