মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে যাচ্ছে বহু রুগী - উদ্বিগ্ন প্রশাসন
জুলাই ৩১, ২০২৪
0
মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে যাচ্ছে বহু রুগী - উদ্বিগ্ন প্রশাসন
মেদিনীপুর মেডিক্যাল কলেজের পরিষেবা নিয়ে বহু অভিযোগ এলাকার মানুষের আছে। আছে অপরিচ্ছন্নতার অভিযোগ। এবার দেখা দিয়েছে নতুন সমস্যা। চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী। নিত্যদিন বাড়ছে খাতায় কলমে ‘অ্যাবসকনডার’ দের সংখ্যা।তথ্য বলছে, গত সাত দিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ১২১ জন রোগী। এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছে ২০ জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। রোগী নিখোঁজের ঘটনা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল।
কেন হঠাৎ রুগীরা এভাবে নিখোঁজ হচ্ছেন? এই নিয়ে নানা ঋষির নানা মত। তবে একটা কথা সকলেই স্বীকার করেছেন, রুগীরা ঠিক মতো পরিষেবা পাচ্ছে না। এই বিষয় নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, প্রশাসনের পুরো বিষয়টি দেখা উচিত কেন রোগীরা চলে যাচ্ছে । বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ হাসপাতালে চিকিৎসায় হয় না তাই রোগীরা চলে যাচ্ছে । যদিও মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে। সমস্ত বিষয়টা তারা দেখছে।
Tags
