পূর্ব বর্ধমান
প্রচুর বিদেশী আমের চাড়ায় ভরে গেছে পূর্ব বর্ধমানের শঙ্কর দত্তর নার্সারি
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক নার্সারি। সেই রকমই পূর্বস্থলীর একটি অন্যতম নার্সারি হল শঙ্কর মহাদেব নার্সারি। আর পূর্বস্থলীর এই নার্সারিতেই পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩৫ রকমেরও বেশি বিদেশি প্রজাতীর আমের চারা। সাধারণত বিদেশি আমের নাম শুনলেই সর্বপ্রথম চর্চায় উঠে আসে মিয়াজাকি আমের নাম। তবে শুধু মিয়াজাকি নয়, এবার পূর্ব বর্ধমানের শঙ্কর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি আমের চারা।
এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত বলেন , “বহু বিদেশি আমের চারা রয়েছে। বিভিন্ন গাছের চারা আছে যেগুলো বিদেশ থেকে আসে। ফলনও ভাল হয় তবে স্বাদ ভিন্ন ধরনের হয়।” মিয়াজাকি, চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট সহ আরও বিভিন্ন আমের চারা পাওয়া যাচ্ছে। বিদেশি আমের সম্ভার দেখে তাক লেগে যাবে অনেকেরই। বিভিন্ন ধরনের বিদেশি আম এবং গাছ রয়েছে নার্সারিতে। কিছু কিছু এমন আম রয়েছে যা দেখলে অনেকেই বেশ কিছুটা অবাকও হবেন। এমন এক আম রয়েছে যেটা বড় হলে ওজন ছাড়িয়ে যায় ২ কেজিরও বেশি, আবার এমনও আম রয়েছে যা কলার থেকেও লম্বা, এছাড়াও থ্রি টেস্ট অর্থাৎ একটা আম থেকে তিন রকম স্বাদ পাওয়া যাবে সেরকম প্রজাতির আমও রয়েছে নার্সারিতে। এই প্রসঙ্গে নার্সারির এক কর্মচারী বলেন, “অনেকেই আসেন চারা কেনার জন্য। এখন বিদেশি আমের চারা গাছের ভাল চাহিদা রয়েছে।”
