হুগলী
একদিনের শীলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হুগলীতে
সোমবার রাতে হুগলীর একটা বড়ো অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়। আর তাতেই চাষীদের মাথায় হাত পড়েছে। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল হুগলির পোলবা-দাদপুর ব্লকে। ধান, পাট, তিল এবং সবজি ক্ষেত উজার হয়ে যায় শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরি, নতুন ভেরি, ডুবির ভেরি, হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর, মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিন রাতে হঠাৎই কালবৈশাখীর ঝড় হয় সঙ্গে শিলাবৃষ্টিতে পাকা ধান গাছের শিস ভেঙে পড়ে।
এছাড়াও তিল, পাট গাছের ক্ষতি হয় বিঘার পর বিঘা জমির। পোলবা দাতপুরে মোট চাষের জমির পরিমাণ ১৭৪৬০ হেক্টর জমি। সেই জমিতে প্রায় ১৫ হাজার টন ধান উৎপাদন করেন কৃষকরা প্রতিবছর। ব্লকে পাট এবং আলুও চাষ হয়। পাট ৩০৭ হেক্টর জমি থেকে ৪৭১৯ টন। এই বছরও হয়েছিল বোরো ধানের চাষ তবে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে একেবারে মাথায় হাত পড়েছে চাষিদের। বীরেন্দ্রনগরের চাষি গোবিন্দ কোলে জানান, ১৯ বিঘা ধান চাষ করেছিলেন, নয় বিঘা জমিতে তিল চাষ করেছিলেন। এছাড়াও ঝিঙে, শসা, বেগুন চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কি করে এই ক্ষতিপূরণ হবে বুঝতে পারছেন না।
