দঃ ২৪ পরগনা
সুন্দরবনের মানুষদের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে নাটক 'বেহুলা এখন'
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের মানুষেরা বেঁচে থাকে লড়াই করে। প্রতিনিয়ত তাদের লড়াই করে যেতে হয়। সুন্দরবন বললে চোখের সামনে ভেসে ওঠে বাঘ, হরিণ, কুমির, গহীন অরণ্য প্রতিকূলতার সঙ্গে মানুষের লড়াই সহ একাধিক ছবি। সেইসব প্রান্তিক এলাকার মানুষের জীবন যুদ্ধের গল্প নিয়ে এবার মঞ্চস্থ হতে চলেছে নাটক ‘বেহুলা এখন’। সুন্দরবনের বিভিন্ন পেশার মানুষকে সেখানে অভিনয় করতে দেখা যাবে। এই এলাকার মানুষজনের বর্তমান অবস্থার চিত্র সবার সামনে তুলে ধরতে কাজ করছে পূর্ব পশ্চিম নাট্য সংস্থা নামের একটি নাটকের দল।
তারাই স্থানীয় ২৬ জনকে বেছে নেয়। তার মধ্যে কৃষক, মৌলে, ঘরামী পরিবারের সদস্যরাও আছেন। নাটকের গান গাইবেন স্থানীয় লোকগান শিল্পীরা। এজন্য সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল শ্রীধরপুরে চলছে মহড়া। আজ,বৃহস্পতিবার এই নাটক মঞ্চস্থ হবে। সেসময় সেখানে উপস্থিত থাকবেন নাট্য নির্দেশক সৌমিত্র মিত্র। তাদের এই নাটক সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হওয়ার পর রাজ্যের সর্বত্র সুন্দরবনের জীবনের এই কাহিনী ছড়িয়ে দেওয়া হবে। মঙ্গলকাব্যের বেহুলার সঙ্গে এখনকার পরিস্থিতি মিলিয়ে তৈরি করা হয়েছে এই নাটক। যেখানে থাকবে বেহুলার মত সুন্দরবনের একালের এক নারীর বঞ্চনার গল্প, থাকবে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষার বার্তাও।
