Type Here to Get Search Results !

পথশ্রী পোর্টাল থেকেই নাম মুছে গেছে আউশগ্রামের রাস্তার নাম

 পূর্ব বর্ধমান 


পথশ্রী পোর্টাল থেকেই নাম মুছে গেছে আউশগ্রামের রাস্তার নাম 



  বর্ষা দোরগোড়ায়। এই অবস্থায় সর্বত্র চলেছে রাস্তা সারাইয়ের কাজ। কিন্তু দুর্ভাগ্য পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের তকিপুর গ্রামের। পথশ্রী প্রকল্পের আওতায় অনুমোদন মিলেছিল ঠিক এক বছর তিন মাস আগে। কিন্তু, আজও এক ইঞ্চি রাস্তার কাজ শুরু হয়নি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের তকিপুর গ্রামে। বর্ষায় জল-কাদার রাস্তা এখন বহু মানুষের সমস্যায় পরিণত হয়েছে। স্কুলপড়ুয়া থেকে রোগীবাহী অ্যাম্বুল্যান্স প্রত্যেকেই চরম ভোগান্তির শিকার। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তকিপুর গ্রামের ৮০০ মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ৩৩ লক্ষ ১৭ হাজার ৭২৮ টাকা। 


  কাজ সম্পন্ন করতে হবে তিন মাসের মধ্যে—এমনই ছিল ওয়ার্ক অর্ডারে উল্লেখ। সেইমতো ইট, বালি, পাথর রাস্তার পাশে মজুতও করা হয়। কিন্তু তারপরই থমকে যায় সমস্ত কাজ। এখনও অবধি কাজ এগোয়নি একটুও। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার বিডিও অফিস থেকে জেলা পরিষদ পর্যন্ত দরবার করেও কোনও সুরাহা মেলেনি। বরং, বিডিও অফিসে গেলে নানা অজুহাতে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এমনকী, বলা হয়—”পথশ্রী” পোর্টাল থেকেই নাকি এই প্রকল্পের নাম মুছে গিয়েছে! এই বক্তব্য ঘিরেই চরম ক্ষোভে ফেটে পড়েছেন তকিপুরের মানুষ। এই বিষয়ে এক গ্রামবাসী বলেন, ”এই রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। আমাদের গ্রামবাসীদের চরম দুর্ভোগ হচ্ছে।" প্রশ্ন উঠেছে—সরকারি অনুমোদিত একটি প্রকল্প হঠাৎ করে কীভাবে পোর্টাল থেকে উধাও হয়ে যায়? স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে রাস্তা নির্মাণের নির্দেশ দিক প্রশাসন।রাস্তার বর্তমান পরিস্থিতি বেশ ভয়াবহ। দু’পাশে নির্মাণসামগ্রী পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াতেও তৈরি হচ্ছে সমস্যা। সামান্য বৃষ্টিতেই গোটা রাস্তা কাদায় ঢেকে যায়। দিনের পর দিন এই বেহাল অবস্থায় সমস্যায় পড়েছে গোটা গ্রাম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.