জল প্রকল্পের জন্য বিভিন্ন তহবিল থেকে খরচের নির্দেশ সুব্রত বক্সির
বাংলার জল প্রকল্প নিয়ে নতুন করে কেন্দ্র রাজ্য বিবাদ শুরু হয়েছে। আর এই বিষয়ে প্রস্তুত হয়েই রাজ্য আন্দোলনে পথে নেমেছে। এই বিষয় নিয়ে সব সাংসদ বিধায়কদের সাথে ভিডিও কনফারেন্স করে বৈঠক করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানেই এই বিষয় উল্লেখ করেন তিনি। এছাড়াও, দলীয় সাংসদ বিধায়কদের তাঁর নির্দেশ, সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদগুলিকে তাদের বার্ষিক বাজেটের ৫ শতাংশ জল প্রকল্পের কাজে ব্যয় করতে হবে।
দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হল। প্রসঙ্গত, বীরভূমের সভায় এই নির্দেশ আগেই দিয়েছিলেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ-বিধায়ক সহ জনপ্রতিনিধিদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি সাংসদ-বিধায়ক এবং সভাধিপতিদের জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একেবারে বুথ লেভেল পর্যন্ত প্রচারে তুলে আনতে হবে। রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলকে অংশ নিতে হবে।
