আন্তর্জাতিক
নয়াদিল্লির বিরুদ্ধে ফের আজব অভিযোগ করলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো
শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাঝে কিছুটা সরে গিয়েছিলেন। আবার সেই তত্ত্ব সামনে আনলেন পিটার নাভারো। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনীয়দের হত্যা করছে ভারত! নয়াদিল্লির বিরুদ্ধে ফের আজব অভিযোগ করলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। এর আগে রুশ তেল কেনা নিয়ে ভারতকে একাধিকবার আক্রমণ করেছেন নাভারো। এবার সরাসরি তিনি বললেন, “রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনীয়দের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ভারত।” রবিবার এক্স হ্যান্ডেলে নাভারো লেখেন, ‘ভারত কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আগে নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনেনি। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। ইউক্রেনীয়দের হত্যা করা বন্ধ করুন। আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন।’
দিনকয়েক আগে নাভারো বলেন, “ভারতের রুশ তেলের দরকার নেই। কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত।” তাঁর মতে, ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করল, তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র ১ শতাংশ তেল কিনত রাশিয়া থেকে। কিন্তু বর্তমানে সেটা ৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আসলে ভারতের রুশ তেলের দরকার নেই। এখন ওরা মুনাফা লোটার ছক কষছে। ক্রেমলিনের লন্ড্রি হিসাবে কাজ করছে ভারত।”
