কলকাতার গেস্ট হাউসে প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার চেন্নাইয়ের যুবক
রবিবার দুপুরে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন এক যুগল। ঘর ভাড়া নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধ ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তবে কী কারণে এই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তরুণীর বয়স ৩৮ বছর। তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁর সঙ্গে গেস্ট হাউসে উঠেছিলেন বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজ। অভিযুক্ত প্রদীপ চেন্নাইয়ের বাসিন্দা। দু’জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে।
অভিযোগ অনুযায়ী, গেস্ট হাউসের ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর একের পর এক আঘাত চালান প্রদীপ। তরুণীর কাঁধ, হাত-সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
