বৃহস্পতিবার রাতে খালেদা জিয়াকে পাঠানো হয়েছে ভেন্টিলেশনে
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা খালেদা জিয়ার শারীরিক আবস্থার চূড়ান্ত অবনটি হয়েছে। চিকিৎসকেরা বাধ্য হয়েই তাঁকে ভেন্টিলেশনে পাঠিয়েছেন। মেডিক্যাল বোর্ডের তরফে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। কার্ডিওলজিস্ট শাহবুদ্দিন তালুকদার জানান, আচমকাই তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। তার ফলে শ্বাসকষ্ট বাড়তে থাকে। বাইপ্যাপ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাতেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তাই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ডায়াবেটিস, হৃদ্যন্ত্র ও ফুসফুসের জটিলতা রয়েছে। ক্রমশ সমস্যা বাড়ছে বলেই খবর। মেডিক্যাল বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রতিদিন ডায়ালিসিসের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কখনও চিকিৎসায় সাড়া দিচ্ছে। আবার কখনও দিচ্ছে না। সবমিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে বেশ জটিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর দিকে চব্বিশ ঘণ্টা নজর রেখেছেন মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকরা।
