সাইবার প্রতারণা রোধে এখন থেকে সবার ফোনে সঞ্চার সাথী" অ্যাপটি প্রি-ইন্সটল করতে হবে - নির্দেশ টেলি যোগাযোগ বিভাগ
প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, ততোই বাড়ছে সাইবার ক্রাইম। বিশেষ করে স্মার্টফোনকে হাতিয়ার করে এই প্রতারনা চূড়ান্ত পর্বে পৌঁছেছে। তাই সমস্ত দেশবাসীর ফোনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে 'সঞ্চার সাথী' অ্যাপ। নির্দেশ কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগের (DoT)। দেশের প্রতিটি মোবাইল ফোন নির্মাতাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নতুন ডিভাইসে 'সঞ্চার সাথী' অ্যাপটি আগে থেকে ইনস্টল করা বাধ্যতামূলক করা হবে। সাইবার প্রতারণা রোধ করতে টেলিকম সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়ো বা ডুপ্লিকেট IMEI সহ ডিভাইসের সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ''সঞ্চার সাথী" অ্যাপটি প্রি-ইন্সটল করার নির্দেশ জারি করা হয়েছে। এই অ্যাপটি প্রথমবার সেটআপের সময় ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান, কার্যকরী এবং সক্রিয় থাকতে হবে।
ডিভাইসটি সেটআপের সময় নির্মাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে অ্যাপটি অ্যাক্সেসযোগ্য কিনা। এর বৈশিষ্ট্যগুলি অক্ষম বা সীমাবদ্ধ করা যাবে না। এর কোনও ফিচার লুকানো, অক্ষম করা (Disable) বা ব্লক করা অনুমোদিত হবে না। সঞ্চার সাথী পোর্টাল এবং অ্যাপ নাগরিকদের মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর ব্যবহার করে তার সত্যতা যাচাই করবে। ডুপ্লিকেট বা ভুয়ো IMEI সহ মোবাইল হ্যান্ডসেটগুলি টেলিযোগাযোগ সাইবার নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুয়ো IMEI গুলি বিভিন্ন স্থানে বিভিন্ন ডিভাইসে একই সঙ্গে কাজ করতে পারে, যার ফলে এই IMEI গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
