বিনোদন
মকর সংক্রান্তির বিকেলে ইমনকে নিয়ে মমতা উদ্বোধন করলেন বগলা মায়ের মন্দির
যত ভোট এগিয়ে আছে ততোই বেড়ে চলেছে ধর্মের রাজনীতি। এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় কেউ, রাজি নয় মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তির বিকেলে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সংগীত শিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেলেন কালীঘাটে বগলা মায়ের মন্দিরে। মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী কাসর-ঘণ্টাও বাজালেন। রাজ্যজুড়ে এই মুহূর্তে উৎসবের মেজাজ। সেই আবহেই এদিন কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত ওই মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে লতা বন্দ্যোপাধ্যায় ও ইমন ছিলেন। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুজোর সময়ে মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসেন। পুজো চলাকালীন বেশ কিছু সময় মমতা বন্দ্যোপাধ্যায় কাসর-ঘণ্টা বাজান। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে তিনি বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত ডিসেম্বর মাসে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথাও জানানো হয়। বলেছিলেন, “জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস করব।” সামান্য পিছিয়েছে সময়। দ্বিতীয় সপ্তাহের পরিবর্তে তৃতীয় সপ্তাহে সব থেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ডিসেম্বরেই তার শিলান্যাস হয়েছে। আগামী ২ বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশাই করা যায়, ভোট পর্যন্ত চলবে এমন নানা ধৰ্মীয় উৎসব। পিছনে পরে যাবে স্বাস্থ্য, শিক্ষা কর্মসংস্থানের মত বিষয়গুলো।
