আলিয়ার শার্টের স্টাইলে মুগ্ধ সকলেই
ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুরের ‘লিগ্যাসি’ আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। এমনকী বিটাউনের বক্স কাঁপানো সেলেবরাও সমীহ করে চলেন ‘নীল লোহিতে’র অধিকারী কাপুরদের। আর সেই পরিবারের একমাত্র বউমা হিসেবে সকলের মন জয় করা আর কি আর চারটিখানি কথা? কাজের পাশাপাশি সংসার সামলে সেই অগ্নিপরীক্ষায় অবশ্য আলিয়া ভাট আগেই ভালো নম্বর পেয়েছেন। এবার কাপুরদের গর্বিত বউমা হিসেবে যা করলেন, তাতে নেটদুনিয়ায় চর্চার অন্ত নেই! বুকে শ্বশুরবাড়ির পদবি বয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে যেই না এলেন, কাপুরদের লক্ষ্মীমন্ত বউমার প্রশংসায় পঞ্চমুখ সকলে। আরেকটু খোলসা করে বললে, সাজপোশাকেই নিজের ‘ক্লাস’ বুঝিয়ে দিলেন অভিনেত্রী। কীরকম? সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। সেখানেই দেখা যায়, নায়িকার শার্টে সাদা সুতোয় নকশা করে লেখা ‘কাপুর’।
ছিমছাম মেকআপ। অভিজাত ফ্যাশন সেন্সে তিনি যে বাজিমাত করেছেন, তা বলাই বাহুল্য। কিন্তু পোশাকের প্যাটার্নের চেয়েও অনুরাগীদের নজর কাড়ল আলিয়ার বুকের কাছে লেখা ‘কাপুর’ পদবি। যা দেখে ‘গাঙ্গুবাই’কে কাপুর পরিবারের ‘ক্যুইন’ আখ্যা দিয়ে বসলেন অনুরাগীরা। আবার কেউ বা বললেন, সাজপোশাকেও যে নিজের পরিবারের প্রতি ভালোবাসা জাহির করা যায়, সেটা দেখিয়ে দিলেন কাপুরদের বউমা আলিয়া ভাট। অবশ্য বরাবরই কাপুরদের ‘নয়নমণি’। বলিউডের রাজ-পরিবারের বউমা হিসেবে তিনি যে গর্বিত, সেকথাও একাধিকবার জানিয়েছেন তিনি। সিনেমা, প্রযোজনা সংস্থা, শুটিং, শত কাজের মাঝেও সুগৃহিণীর মতো সংসার সামলাচ্ছেন আলিয়া। যেমন মা-বোনের সঙ্গে সময় কাটান, তেমনই শাশুড়ির সঙ্গেও অভিনেত্রীর সখ্যতা দারুণ। দুই বাড়িতেই সমান দায়িত্ব পালন করেন আলিয়া।
