আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী
আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছে মুখ্যমন্ত্রী। ভোটের আগে আবার ধৰ্মীয় রাজনীতির বড়ো সুযোগ। বিজেপির হিন্দু তাস খেলার উত্তরে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ও নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস হয়েগেছে। এবার উত্তরবঙ্গে মহাকাল মন্দিরে শিলান্যাস।আজ শিলিগুড়ির মাটিগাড়া- নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। মন্দির স্থাপনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিচারবিভাগীয় পরিকাঠামোও। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও আজ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের আশা, এর ফলে উত্তরবঙ্গের মানুষের আইনি জটিলতা নিরসনে গতি আসবে।
মহাকাল মন্দির নির্মাণের প্রস্তাব আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। প্রকল্পে চূড়ান্ত অনুমোদনের পর মুখ্যমন্ত্রী একটি ট্রাস্ট গঠন করেন। শিলিগুড়ি শহরের লাগোয়া উজানু মৌজায়, মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই মন্দির নির্মিত হবে। ১০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জমির পাশেই রয়েছে রেললাইন ও চামটা নদী। সেখানেই প্রায় ১৭ একর জমিতে মন্দির নির্মাণ হবে। এই মন্দিরটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে HIDCO-কে। এক লক্ষ পুণ্যার্থী একসঙ্গে যেতে পারবেন এই মন্দির দর্শনে। মহাকাল মন্দিরের জন্য জমি হস্তান্তরের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রুক্ষ জমিকে সমতলভূমিতে পরিণত করা হয়েছে। তবে সূত্রের খবর, এই মন্দির নির্মাণের ক্ষেত্রে বাধ সাধছে রেলগেট। মন্দিরস্থলের প্রবেশপথ হিসেবে যে এলাকা বেছে নেওয়া হয়েছে, সেখানেই মাটিগাড়ার অন্যতম রেলপথ। যদিও শিলিগুড়ির মেয়র আশ্বাস দিয়েছেন, বিষয়টি প্রশাসন নজরে রাখছে। মন্দির তৈরির পর ওভারব্রিজ তৈরি করে যাতায়াত মসৃণ করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে বলেও খবর। তবে এই মন্দির উত্তরবঙ্গের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলেই দাবি প্রশাসনের। এদিন বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী এই বহু প্রতীক্ষিত মন্দিরের উদ্বোধন করবেন। সে কারণে সকাল থেকেই আঁটোসাটো নিরাপত্তা।
