পরীক্ষাকেন্দ্রে রিভালবার নিয়ে তিন ছাত্র - ছড়িয়ে পরে উত্তেজনা
আগের দিনগুলো মাধ্যমিক নির্বিঘ্নেই হচ্ছিলো। এরই মধ্যে ঘটলো উলোট-পুরাণ। হাতে রিভলভার উঁচিয়ে বাইক চালিয়ে গ্যাংস্টারের কায়দায় পরীক্ষা কেন্দ্রের বাইরে পৌঁছল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। যেন মুন্নাভাই সার্কিট সহ তার দুই সাগরেদকে নিয়ে পৌঁছেছে সেখানে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ফিল্মি কায়দায় সেই রিভলভার আঙুলে ঘোরানোর পাশাপাশি হাতবদলও করে তারা। টার্গেট ফিক্সড এমন ইঙ্গিতও দেয় আঙুল উঁচিয়ে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রদের এই কাণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। মুহূর্তে এলাকা ফাঁকা হয়ে যায়। খবর যায় স্কুল কর্তৃপক্ষের কাছে। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা এসে তাদের পাকড়াও করে।
পরে বর্ধমান থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। পুলিশ বন্দুকটি নিয়ে যায় এবং ওই ছাত্ররা তারপর পরীক্ষা দেয়। ওই রিভলভার আসলে খেলনা বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। বর্ধমানের উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলের ঘটনা। এক অভিভাবক বলেন, ”একজন রিভলবার নিয়ে আসে, আসল নাকি নকল আমরা কিছুই জানি না। কথাটা শুনে আমাদের টেনশন শুরু হয়। শুনলাম রামকৃষ্ণ স্কুলের একটা ছেলে ওই বন্দুক নিয়ে এসেছে। আমার ছেলেও পরীক্ষা দিতে এসেছিল, ভয়ের তো কারণ আছেই। গেটে চেক করে ঢোকানোর সময় ধরা পড়েছে। আমরা তো আতঙ্কে আছি।''
