মাসে মাসে এক হাজার টাকা করে গুটখার খরচ দেবেন দিদি - এভাবেই যুবশ্রী প্রকল্পের টাকাকে ব্যাখ্যা করলেন তৃণমূল নেতা
বলতে কিছুটা লজ্জা করলেও যুবশ্রী থেকে পাওয়া দেড় হাজার টাকাকে এভাবেই ব্যাখ্যা করলেন ময়নাগুড়ির ব্লক সভাপতি বিশ্বজিৎ দাস। স্বাভাবিক কারণেই এই নিয়ে তীব্র সমালোচনা হয় চারিদিকে। এপ্রিল থেকেই মাসে দেড় হাজার টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। যুব সাথী প্রকল্প নিয়ে মঙ্গলবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যুবসমাজের ভোট পেতে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এরই মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়ির এক তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যুব সাথী প্রকল্প নিয়ে ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলছেন, “মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।”
তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, ময়নাগুড়িতে তৃণমূলের দলীয় বৈঠকে বক্তব্য রাখছেন টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন। সেখানে তিনি বলেন, “দিদি আমাদের কল্পতরুভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিলেন। মহিলাদের ভোটটা একটা দৃঢ় জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের ভোটটা একটু নেগেটিভ দিকে ছিল। সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটা আমাদের প্রচারে তুলে ধরতে হবে। আজকালকার যুবকদের একটা বড় অংশ পান গুটখা খায়। তাদের ওই জায়গায় সাহায্য হবে। বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়। ওই টাকাটা তো দিদি দেবেন।” মানুষের টক্সের টাকা এভাবে নষ্ট করা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছে।
