বিনোদন
'প্রলয়', 'আবার প্রলয়' এর পরে ২৭ ফেব্রুয়ারি প্রকাশ পেলো 'প্রলয় ২' - কেমন হলো?
রাজ চক্রবর্তীর 'প্রলয়' সিরিজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। অসাধারণ এই ত্রিলজি। ২৭ ফেব্রুয়ারি রাজের জনপ্রিয় সিরিজ মুক্তির পর এমনটা ফের প্রমাণ হয়ে গেল। ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’র তুলনায় ‘আবার প্রলয় ২’র (Abar Proloy 2 Review) ব্যাপ্তি অনেক বেশি। শুধুই নারী পাচার নয়, একইসঙ্গে ডাকাতি ও বাংলার আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুষ্কৃতিদের ব্লু প্রিন্ট ফুটিয়ে তোলা হয়েছে সিরিজে। এবারের রণক্ষেত্র বিধায়ক রাজের এলাকা বারাকপুর। একথা কারও অজানা নয়। আর সেখানেই শক্ত হাতে দুষ্টের দমনে অপ্রতিরোধ্য ‘ইনস্পেক্টর অনিমেষ দত্ত’ রূপে শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গে উপরি পাওনা তাঁর মুখে ‘কবি বলেছেন…’-এর মতো সংলাপ।
এই সিরিজের সুবাদে পরিচালক রাজ যে ভীষণভাবে বাঙালি অস্মিতায় শান দিয়েছেন তা এর আগে প্রচারঝলকেই বোঝা গিয়েছিল। এবার হাতেনাতে তার প্রমাণ মিলল। দুষ্কৃতিদের সফট টার্গেট বাংলা, এর কারণ কী? দুষ্কৃতীদের মুখে শোনা যায় ‘বাঙালিরা নরম। তাই তাঁদের আক্রমণ করা সহজ’-এর মতো সংলাপ। কিন্তু এমন ধারণা যে একেবারে ভুল তা ‘অনিমেষ দত্ত’র মাধ্যমে হাড়েহাড়ে বুঝিয়ে দিয়েছেন পরিচালক রাজ। তবে শুধু ডিউটিরত পুলিশ অফিসার হিসেবেই নিজের দায়িত্ব কর্তব্য পালনেই নয়, একইসঙ্গে নিজের অধস্তনদের প্রতিও দোর্দণ্ডপ্রতাপ অনিমেষ স্নেহবৎসল। আর তাই রণক্ষেত্রে সহযোদ্ধাকে হারালে তাঁরও চোখের পাতা ভারী হয়ে ওঠে। এবারেও আগের মতোই জুন মালিয়া ও শাশ্বতর অনস্ক্রিন জুটি বেশ সফল।
