বিনোদন
দুই নারীর ক্ষমতায়নের গল্প নিয়ে গড়ে উঠেছে অনুভূতি কাশ্যপ পরিচালিত ছবি ‘অ্যাকিউজড
’
মানুষ ক্ষমতার মোহে ক্রমাগত এগিয়ে যায়। আরো দ্রুত গতিতে এগিয়ে যায়। সে নিজেও জানেনা কোথায় তার শেষ। এমনই মনস্তাত্বিক গল্প নিয়ে গড়ে উঠেছে 'অ্যাকিউজড’।
লিঙ্গ, জাতি, ধর্ম, অর্থনৈতিক, যৌনতা নির্বিশেষে যে সিঁড়ির ওপর দিকে থাকবে সে নিচুতে থাকা মানুষকে আটকাবে, আটকাবেই! নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অনুভূতি কাশ্যপ পরিচালিত ছবি ‘অ্যাকিউজড’ তেমনই এক ক্ষমতায়নের বিস্তারের গল্প বলতে চেয়েছে দুই নারীর প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে । গীতিকা (কঙ্কনা সেনশর্মা) এবং মীরা (প্রতিভা রত্না)। গীতিকা একজন হাই প্রোফাইল সার্জন, অন্যদিকে মীরা একজন সদ্য পাশ করা চাইল্ড স্পেশালিস্ট। সে থাকে গীতিকার বিলাসবহুল বাড়িতে। বাগদানের পর তারা লিভ ইন করে, কিন্তু যেহেতু তাদের সম্পর্কের ডায়নামিক্স-এ, আর্থিকভাবে এবং কর্মক্ষেত্রে গীতিকা অনেক বেশি সফল তার সূক্ষ ছায়া পড়ে তাদের সম্পর্কে। সমস্যা ঘনীভূত হয় যখন গীতিকার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ আসে। এবং অত্যন্ত উচ্চাকাঙ্খী গীতিকার আপসহীন আচরণ এবং আকাশছোঁয়া সাফল্য অনেকেরই চক্ষুশূল, বিশেষ করে তার পুরুষ সহকর্মীরা যে ভালো চোখে দেখে এমন নয়।
অন্যদিকে মীরার প্রেমে পড়ে যাওয়া জুনিয়র পুরুষ ডাক্তারটিও এই সময়ের সুযোগ নিয়ে মীরা এবং গীতিকার মধ্যে দূরত্ব করার চেষ্টা যে করবে না, সেই গ্যারান্টি সেই। পরিচালক অনুভূতি একসঙ্গে অনেকগুলো স্তর ধরতে চেয়েছেন। একদিকে গীতিকা এবং মীরার সম্পর্কের মধ্যেকার ক্ষমতার রাজনীতি, অন্যদিকে প্রান্তিক যৌনতার প্রতিনিধি উচ্চাকাঙ্খী গীতিকার পুরুষশাসিত জগতের সঙ্গে লড়াই। গীতিকা কি সত্যি ক্ষমতার অপব্যবহার করেছে? এই প্রশ্নের উত্তর আসলে খুব সাদা কালো হয় না। অভিজ্ঞতাবলে ক্ষমতার অপব্যবহার কখনও কখনও এত সূক্ষ হয় যে উলটোদিকের মানুষটা অর্থাৎ ভিক্টিমের সেটা বোঝার আগেই অনেক ক্ষতি হয়ে যায়। এই সূক্ষতা এই ছবিতে আছে আবার নেইও।
