ভোট প্রচারের আগে মীনাক্ষী, কলতান গেলেন মন্দিরে পুজো দিতে - আক্রমন বাড়ালো তৃণমূল বিজেপি
তৃণমূল, বিজেপি আক্রমন করতেই পারে। এতকাল কেউ মন্দিরে গিয়ে পুজো দেয় নি বলে আর কোনোদিন পুজো দিতে পারবেন না, এটা খুবই ভুল কথা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করে নেওয়ার অধিকার সকলের আছে। অনেকে বলছেন, বঙ্গ রাজনীতির ভোট মার্কশিটে কমরেডদের ‘শূন্য’ নম্বর। সেই শূন্যের গেরো কাটাতে এবার সিপিএম প্রার্থীরা সেই ধর্মের শরণ নিচ্ছেন। অন্তত ভোটের মুখে তাঁদের বাস্তব জীবনযাপন সেই ইঙ্গিত দিচ্ছে। প্রচারে বেরিয়ে কোনও প্রার্থী চৈতন্যদেবের মন্দিরে পুজো দিলেন, কেউ আবার যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে পুরোহিতের আশীর্বাদ নিলেন। এসব দেখেশুনে মার্ক্সীয় ধর্ম-আফিম সম্পর্ককে অন্যভাবে দেখছেন কেউ কেউ। তাঁদের কটাক্ষ, ‘ধর্ম আফিম’ তত্ত্ব কি এখন শুধুই বক্তৃতার অংশ? নাকি বাস্তবে সিপিএম সেই ‘আফিম’কেই ভোটের অস্ত্রে পরিণত করতে চাইছে? রবিবার সকালে ভোটপ্রচারে বেরিয়ে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় কমরেডদের নিয়ে পৌঁছন উত্তরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে। যুব গোষ্ঠীর মাঠে মাড়োয়ারি সম্প্রদায়ের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে হাজির হন তিনি।
প্রথমে আয়োজকদের সঙ্গে সৌজন্য বিনিময়, এরপর উত্তরীয় পরিয়ে তাঁকে মঞ্চে স্বাগত জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞমঞ্চে বসে ঘৃতাহুতি দেন মীনাক্ষী। পুরোহিতের কাছ থেকে আশীর্বাদও নেন। ভোটপ্রচারের মাঝেই এই পূর্ণাঙ্গ ধর্মীয় অংশগ্রহণ ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের জবাবে মীনাক্ষীর বক্তব্য, “যার যেটা রুচি, সে সেটা করবে। আমাদের পার্টি এই সব প্রশ্নের উত্তর দিতে শেখায়নি।” এনিয়ে রাজনৈতিক মহলের একাংশের মত, এই মন্তব্যেই স্পষ্ট আদর্শগত প্রশ্নে সরাসরি জবাব দেওয়া এড়িয়ে যাচ্ছেন তিনি। এই ছবি উত্তরপাড়াতেই সীমাবদ্ধ নয়। পানিহাটিতে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত মহোৎসবতলা ঘাটে শ্রীচৈতন্যদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। মন্দিরে ঢুকে মালা পরে খাঁটি বৈষ্ণব রূপে হাতজোড় করে বিগ্রহ প্রণাম করলেন কলতান। তারপর শুরু করেন ভোটের প্রচার। এসব তো কমরেডদের নাস্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
