Type Here to Get Search Results !

বুধবার মধ্যরাতে গুলি চলল পাটুলিতে - মৃত এক তৃণমূল কর্মী



  ভোটের দিন যতই এগিয়ে আসছে ততোই গন্ডগোল বাড়ছে রাজ্যজুড়ে। এবারের ঘটনা পাটুলিতে। এক মর্মান্তিক ঘটনায়মৃত্যু হয়েছে একজনের, অপর একজন আহত। ছাদের উপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে চলে গোলাগুলি,বোমাবাজি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাহুল দে (৩৬)। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে একজন। জানা যাচ্ছে, রাহুল এবং জিৎ পূর্ব পরিচিত। তবে, দীর্ঘদিন তাঁদের কোনও যোগাযোগ ছিল না। বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। এরপর জিৎ-এর বাড়ির ছাদে বসেছিলেন সকলে। মদ্যপান করছিলেন বলে অভিযোগ। রাত সাড়ে বারোটা নাগাদা গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ছাদের উপর বাকি যাঁরা ছিলেন তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে থেকেই রাহুলের বাড়িতে খবর দেওয়া হয়।


  দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সাল থেকে জিৎ পাটুলি ছাড়া ছিলেন। একাধিকবার পাটুলি থানার হাতে গ্রেফতার হয়েছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ। তিনি এলাকার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগত সৈনিক হয়ে কাজ শুরু করলেও, পরবর্তীতে কাউন্সিলরের নাম করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ শুরু হয় এলাকা জুড়ে। এরপর খোদ কাউন্সিলরই থানায় অভিযোগ দায়ের করেন। একবার-দু’বার নয়, অন্তত বেশ কয়েকবার থানার হাতে গ্রেফতার হয়েছে এই জিৎ। এলাকা সূত্রে জানা গিয়েছে, গত ১৫ থেকে ২০ দিন ধরে পাটুলির ফুলবাগানে আবার বাবা মায়ের ফ্ল্যাটে এসে থাকতে শুরু করেছিলেন তিনি। দাবি ছিল,বাবা এবং মাকে দেখতে আসছে। এলাকায় থাকার জন্য আসছে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.