প্রতি দফায় ২৫০০ কেন্দ্রীয় বাহিনী থাকবে
প্রতি বুথ, বুথ সংলগ্ন জায়গায় ও রাস্তায় নিয়োগ করা হবে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ ভোট করানোই কমিশনের প্রধান লক্ষ। সেই মতো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রতিটি পর্যায়ে ২,০০০ থেকে ২,৫০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করতে পারে কমিশন। অন্তত এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টা নিয়ে মন্তব্য করেন আগরওয়াল। তিনি জানান, দুই দফায় ভোট হতে চলেছে বাংলায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে নির্বাচন কমিশন নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে।
মাথায় রাখতে হবে, একটি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানিতে সাধারণত ১০০ থেকে ১৩৫ জন কর্মী থাকেন। আর পশ্চিমবঙ্গের এক এক দফার ভোটে ২০০০ থেকে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষা করাই কেন্দ্রীয় বাহিনীর কাজ। এক্ষেত্রে বুথে বা এলাকায় কোনও অশান্তি হলে তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ভোটকেন্দ্রে কোনও গন্ডগোল হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। শুধু তাই নয়, কোনও অনৈতিক কাজকর্ম দেখলেও তারা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।' ভোটে হিংসা নিয়েও কড়া দাবি করেছেন অগরওয়াল। তিনি বলেন, 'কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে। এরপরও কোনও এলাকায় হিংসা হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
