আন্তর্জাতিক
ইজরাইলের তীব্র আক্রমনে জ্বলছে তেহেরাণ। ভয়াবহভাবে জ্বলছে তেহেরানের ৫টি তেল ডিপো। সেই ভয়ঙ্কর দৃশ্য তাকিয়ে দেখতে বাধ্য হচ্ছে। ইরানের রাজধানীর জ্বালানি তেলের পাঁচটি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এর জেরে শহরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিধ্বংসী আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জন ট্যাঙ্কার চালক-সহ চার জনের মৃত্যুর খবর মিলেছে। ইরানের জ্বালানি তেলের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য দিয়েছে। সামনে এসেছে ভয়াবহ ভিডিও। এদিকে অভিযোগ, দেশটির পানীয় জলের পরিশোধনাগারেও টার্গেট করছে শত্রুপক্ষ। অর্থাৎ, হাতে মারার পাশাপাশি ইরানকে ভাতে (এক্ষেত্রে তেষ্টায়) মারার পাশাপাশি কৌশল নিয়েছে আমেরিকা ও ইজরায়েল। ইরানি সংবাদমাধ্যমগুলির দাবি, যুদ্ধবিমান থেকে তেহরানের তেলের ডিপোগুলিতে হামলা চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায়।
কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। ধোঁয়ার কুণ্ডলী এতটাই বড় যে পার্শবর্তী এলাকা কারাজ থেকেও তেহরানের আকাশের ধোঁয়া দেখা গিয়েছে। একাধিক ভিডিতে দেখা গিয়েছে রাজপথের দু’পাশে আগুনের নদী! মাঝখান থেকে ছুটছে গাড়িগুলি। যুদ্ধ পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা এই দৃশ্য দেখলেই স্পষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রধান ডিপোগুলির মধ্যে রয়েছে শাহরান এবং আগাদাসিয়েহ। এছাড়াও একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে তেহরানে থাকা সিএনএন-এর এক সাংবাদিকের ভিডিও। তিনি দাবি করেছেন, তেলের ডিপোতে হামলা হয় শনিবার রাতে। পরদিন সকালে মেঘহীন আকাশ থেকে আচমকা বৃষ্টিপাত শুরু হয়। জলের মধ্যে মিশ্রিত ছিল তেল। রবিবার সকালেও শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল তেহরানবাসীর। কারণ আগুন নিভলেও তখনও বাতাসে কালো ধোঁয়ার রেশ থেকে গিয়েছিল।