বিনোদন
'ধুরন্ধর ২’ কয়েক যোজন এগিয়ে আছে কংকনার 'এমার্জেন্সি’ থেকে
রাকেশ বেদীর মতে, এই ছবির সাফল্যের আসল কারণ হল এর টানটান চিত্রনাট্য এবং অসাধারণ মেকিং। তিনি বলেন, “ধুরন্ধর-এর স্ক্রীপ্ট এবং স্ক্রিনপ্লে দুর্দান্ত। ভারতের সিনেমা ইতিহাসে এত বড় মাপের কাজ আগে কখনও হয়নি।” শুধু তাই নয়, রণবীর সিং অভিনীত এই ছবিটি প্রথম বলিউড সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকার গণ্ডি পার করে ইতিহাস তৈরি করেছে। লিয়ারি গ্যাংস্টার রেহমান ডাকাইতের মৃত্যুর পরবর্তী ঘটনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে তৈরি এই থ্রিলার এখন দেশজুড়ে উন্মাদনা তৈরি করেছে। কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। শিখ সম্প্রদায়ের আপত্তি থেকে শুরু করে সেন্সর বোর্ডের কাঁচি— বারবার পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। শেষমেশ যখন মুক্তি পেল, তখন বক্স অফিসের হাল ছিল শোচনীয়। রাকেশ বেদী ঘুরিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে, সিনেমাকে প্রোপাগান্ডা বা নির্দিষ্ট কোনও গণ্ডিতে আটকে রাখা ঠিক নয়। দর্শক এখন অনেক বেশি সচেতন। তাঁরা সিনেমা হলে বিনোদন এবং ভালো গল্প খুঁজছেন, যা ‘ধুরন্ধর ২’ দিতে পেরেছে কিন্তু ‘এমার্জেন্সি’ পারেনি।