Type Here to Get Search Results !

এবার নির্বাচনের আগে রচনা হয়ে উঠলেন 'কালার থেরাপিস্ট'

 বিনোদন 


এবার নির্বাচনের আগে রচনা হয়ে উঠলেন 'কালার থেরাপিস্ট'


  নির্বাচনের প্রচারে নামার সময় কোন পোশাক পরে প্রচার করবেন - এই নিয়ে নানা ঋষির নানা মত। আর বামপন্থীরা এইসব মানেনা, তাই তারা এই নিয়ে চর্চাও করে না। নির্বাচন এলেই ফি বছর চর্চায় থাকে ভোটফ্যাশন। দলীয় কর্মসূচী কিংবা নিত্য ভোটপ্রচারে রাজনীতিকদের হট ফেভারিট রং সাদা হলেও এসময়ে কিন্তু রাজ্যজুড়ে নানা রঙের মেলা বসে! সবুজ, গেরুয়া কিংবা লাল, পোশাক নির্বাচনের ক্ষেত্রেও অনেকসময়ে দলীয় রং প্রাধান্য পায়। কারণ দলীয় রঙের মধ্যেই রাজনৈতিক লড়াইয়ের বার্তা থাকে। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবহে ‘কালার থেরাপি’ তত্ত্ব তুলে ধরে চর্চার শিরোনামে নাম লেখালেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেবাংশু ভট্টাচার্যের হয়ে চুঁচুড়ায় ভোটপ্রচারে গিয়ে নেত্রী-অভিনেত্রীর টিপস, “এবছর বেশি করে লাল কিংবা অরেঞ্জ রঙের পোশাক পরুন।” কিন্তু কেন এমন রং বেছে নেওয়ার টিপস দিলেন? শুক্রবার দলীয় কার্যালয়ে বসে নিজেই ব্যাখ্যা দিলেন। 


  এদিন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী দেবাংশুকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলীর ‘দিদি নম্বর ওয়ান’। সেখানেই জ্যোতিষ মতে কালার থেরাপির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “ছাব্বিশ সাল রাহুর বছর। আজ শুভ দিনে আমরা শুভ কাজে এসেছি। চলতি বছরে যে কোনও শুভ কাজের ক্ষেত্রে কালো রং এড়িয়ে চলার চেষ্টা করবেন। লাল এবং কমলা রঙের পোশাক পরুন বেশি করে। এছাড়া অন্য দিন অন্য রঙের পোশাক পরতে পারেন।” উল্লেখ্য, রচনা নিজেও এদিন কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। ভোটের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়ের এহেন টিপসে সেসময়ে দলীয় কার্যালয়ে এক লহমার জন্য সূচীভেদ্য স্তব্ধতা! কিন্তু খুব বেশি সময় লাগেনি সেই নিস্তব্ধতা ভাঙতে। কারণ রচনা-দেবাংশুর পাশেই বসে থাকা যুব তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মৃদু হেসে বলে ওঠেন, “তবে ২০২৬ সালে কিন্তু লাল বা অরেঞ্জ কোনওটাই আসছে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.