মায়ের আশীর্বাদ নিয়েই মায়ের বিরুদ্ধে প্রচার শুরু করবেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন শীলশর্মা
জন্মদাত্রী নন, তবে দীর্ঘদিন ধরেই ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রর্থী শিখা চট্টোপাধ্যায়কে 'মা' বলে ডেকে আসছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন শীলশর্মা। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এই কেন্দ্রের লড়াই বিশেষ তাৎপর্য পেয়েছে। রঞ্জন শীলশর্মা জানিয়েছেন, প্রচার শুরু করার আগে তিনি ‘মায়ের’ আশীর্বাদ নেবেন। তাঁর কথায়, নিজের জন্মদাত্রী মাকে হারানোর পর থেকেই শিখা চট্টোপাধ্যায়কে তিনি মায়ের আসনে বসিয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে তাঁর আশীর্বাদ নেওয়াটা তাঁর কাছে অত্যন্ত জরুরি। একসময় রাজনীতির ময়দানে রঞ্জন ও শিখা ছিলেন সহযোদ্ধা। বাম আমলে শিক্ষক আন্দোলনে তৃণমূলের হয়ে তাঁদের জুটি যথেষ্ট প্রভাব ফেলেছিল। পেশাগত জীবনেও দু’জনেই শিক্ষক, শিখা চট্টোপাধ্যায় এখন অবসরপ্রাপ্ত, আর রঞ্জন এখনও শিক্ষকতা করছেন।
সময়ের সঙ্গে রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। শিখা চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তিনি তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে পরাজিত করেছিলেন। এবার সেই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন রঞ্জন শীলশর্মা। সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার এই মিশ্রণে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের লড়াই এবার আলাদা মাত্রা পাচ্ছে।
