খুবই রহস্যময় এই ভোটার তালিকা। কতজনের নাম বাদ গেলো বা অন্যান্য তথ্য কিছুই প্রায় নেই। কিন্তু কেন এতো গোপনীয়তা? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় ২২ দিন। কিন্তু অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম অবস্থা হল নির্বাচন কমিশনের। একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করতে মধ্যরাত হয়ে গেল। কিন্তু কত নামের নিষ্পত্তি তালিকা বার করা হয়েছে সে বিষয়ে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। এমনকী কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও এখনও পর্যন্ত জানানো হয়নি। ফলে কতজনের নাম উঠল বা বাদ গেল তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। যা নিয়ে রীতিমতো কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। তবে বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে।
অতিরিক্ত তালিকা নিয়ে এত লুকোছাপা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিইও দপ্তরের একাধিক আধিকারিক। তাই তালিকা প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কোনও তথ্যই হাতে ছিল না রাজ্যের আধিকারিকদের। সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, “এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু অর্ধেকের কাছাকাছি নামে ‘ই-সাইন’ নেই। তাই কত বাদ হয়েছে জানা নেই।” ফলে সময় যত গড়াচ্ছিল, তালিকা নিয়ে ততই উদ্বেগ এবং আতঙ্ক বাড়ছিল ভোটারদের মধ্যে। এরপর যে তালিকা মধ্যরাতে প্রকাশ হল তাতেও মিটল না সেই উদ্বেগ-আতঙ্ক। কারণ কমিশনের অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখানে কত জন ভোটার যোগ হয়েছে বিস্তারিতভাবে কমিশন কিছুই জানায়নি। যদিও আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই দাবি কমিশনের।