ইরানের একটি যুদ্ধ জাহাজ এখনও ভারতের আশ্রয়ে আছে - ট্রাম্প কি এতে ক্ষুব্ধ? প্রশ্ন উঠেছে
এই সময় মধ্যপ্রাচ্যের অবস্থা বেশ খারাপ। গত কয়েকদিন ধরে সম্মুখ সমরে আমেরিকা ও ইরান। ফলে বিশ্ব তেলের বাজারে এর ব্যাপক প্রভাব পড়েছে। তারমধ্যে ইরানের একটি যুদ্ধ জাহাজ এখন ভারতের কোচি বন্দরে। সূত্রের খবর, আইআরআইএস লাভান ভারত মহাসাগরীয় এলাকায় রয়েছে গত সাতদিন ধরে। গত ২৮ ফেব্রুয়ারি ভারতের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠায় জাহাজটি। কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই ভারতের কাছে ইরানি জাহাজ আশ্রয় চেয়েছিল। পরের দিন অর্থাৎ ১ মার্চ জাহাজকে আশ্রয় দেয় কেন্দ্র। উল্লেখ্য, ওইদিনই ভোররাতে যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইয়ের। জানা গিয়েছে, গত বুধবার ভারতের কোচি বন্দরে এসে পৌঁছয় ইরানি রণতরী। প্রসঙ্গত, সেদিনই মার্কিন টর্পেডোর আঘাতে ধ্বংস হয়ে যায় ইরানের আইআরআইএস ডেনা।
ভারতের আমন্ত্রণ রক্ষা করে ফেরার পথে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এই ঘটনায় শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। এহেন পরিস্থিতিতেই জানা গিয়েছে, মার্কিন হামলার আগে থেকেই ভারতে রয়েছে ইরানের আরেকটি যুদ্ধজাহাজ। কোচি বন্দরে আপাতত জাহাজটি নোঙর করা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই জাহাজকে কেন্দ্র করে কি মার্কিন রোষে পড়তে পারে ‘বন্ধু’ ভারত? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায় নি।
