সম্ভবত দক্ষিণ ২৪ পরগনার ৭৭টি বুথে উপনির্বাচন
অবশেষে কমিশন ঘোষণা করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনায় ৭৭টি বুথে আবার নির্বাচন। দ্বিতীয়দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠল। আর এই বুথের সবগুলিই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে। কমিশন সূত্রে খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ, বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ঠিক কতগুলি বুথে পুনর্নির্বাচন, তা নিয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিদ্ধান্ত হলে আগামী ১ মে বেশ কয়েকটি বুথের জন্য পুনর্নির্বাচনের নির্দেশ কমিশন জারি করতে পারে বলে সূত্রের খবর।
কমিশন সূত্রে খবর, বুধবার সন্ধ্যা পর্যন্ত পুনর্নির্বাচনের জন্য ৭৭টি দাবি বা অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ৩২টি। তাও ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ডহারবার ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সরকারি ভাবে কিছূ জানানো না হলেও সূত্রের খবর, পুনর্নির্বাচনের অধিকাংশ অনুরোধই এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে।
