আন্তর্জাতিক
হরমুজে ইরানি জাহাজ দেখলেই ধ্বংসের নির্দেশ ট্রাম্পের
দ্বিতীয় শান্তি বৈঠকে বসে নি ইরান। আর তাতে আরো ক্ষেপেছে ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিস্থিতির মাঝেই ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেনাকে নির্দেশ দিলেন, ‘কোনও দ্বিধা নয়, হরমুজে ইরানি জাহাজ দেখামাত্রই তা যেন ধ্বংস করে দেওয়া হয়।’ পাশাপাশি ইরানের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘শান্তি আলোচনার সময় পেরিয়ে যাচ্ছে।’ শুধু তাই নয়, ইরানে পরমাণু হামলা চালানো হবে কি না সে বিষয়েও মুখ খুললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন সময়ে সামনে এল যখন আরব সাগরে এসে পৌঁছেছে আমেরিকার বিমানবাহী রণতরী জর্জ ডব্লু বুশ। এই নিয়ে হরমুজের গা ঘেঁষে দাঁড়িয়েছে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী।
মার্কিন অবরোধের পালটা ইরান পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ। বন্ধ হরমুজের চাবি খুলতেই কোমর বেঁধে প্রস্তুত হয়েছেন ট্রাম্প। এই অবস্থাতেই সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, “আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি হরমুজের জলে মাইন পাতা যে কোনও ইরানি জাহাজ দেখামাত্রই যেন ধ্বংস করা হয়। এই ব্যাপারে যেন কোনওরকম দ্বিধা না করা হয়।” পাশাপাশি ট্রাম্প আরও লেখেন, আমাদের মাইন সুইপারগুলি হরমুজে পেতে রাখা মাইন পরিষ্কার করছে। সেই কাজ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তিনগুণ বর্ধিতমাত্রায় কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
