বেশ কিছু কুসংস্কারই আজ আমাদের অফবিট নিউজ
কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর...। ছোট থেকে আমরা এমন কিছু জিনিস বিশ্বাস করি, যার কোনও যুক্তি নেই। নেই কোনও বাস্তবতা। তা-ও আমরা দিনের পর দিন চোখ বন্ধ করে সেগুলি বিশ্বাস করি। আর সেটিই হল কুসংস্কার। প্রত্যেক বাঙালির কিছু না কিছু কুসংস্কার বিশ্বাস করেন।
* বাড়ি থেকে বেরিয়ে কিংবা কোথাও গিয়ে, দিনের যেকোনও সময় এক শালিক দেখলেই মনখারাপ। এই বুঝি কিছু একটা ক্ষতি হল। অনেকেই এই ধারণা নিয়ে বাঁচেন। দুই শালিক না দেখা পর্যন্ত মন খুঁতখুঁত। যদিও সারাদিন দুই শালিক না দেখলে সত্যি কোনও সমস্যা হয় কিনা, তা কারও বোধহয় জানা নেই।
* কালো বিড়ালকে অশুভ বলেই মনে করেন কেউ কেউ। তাই কালো বিড়াল রাস্তার মাঝখান দিয়ে গেলে অনেকে দাঁড়িয়ে পড়েন। যতক্ষণ না সেই রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন ততক্ষণ সেখান দিয়ে যেতে চান না। অনেকে বিশ্বাস করেন, বিড়ালে 'কাটা' রাস্তা দিয়ে গেলে বিপদ হতে পারে।
* অনেকেই চুল এবং নখ কাটার ক্ষেত্রে কিছু কুসংস্কার মেনে চলেন। তাঁরা বিশ্বাস করেন রাতে চুল কাটতে নেই। নখও রাতে কাটেন না অনেকে। এছাড়া মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারেও চুল ও নখ কাটেন না বহু বাঙালি। অনেকেই বিশ্বাস করেন, অসময়ে নখ ও চুল কাটলে নাকি আর্থিক সমস্যা দেখা দেয়।
* কেউ কেউ বিশ্বাস করেন ঝাঁটা দেখে বাড়ি থেকে বেরতে নেই। তাতে নাকি কোনও কাজই সফল হয় না। পথেঘাটে বিপদে পড়ার সম্ভাবনাও থাকে। তাই বেরনোর পথে ঝাঁটা সাধারণত রাখা হয় না।
