কুনালের পিঠে হাত দিয়ে কেজরি বললেন - বাম কংগ্রেসকে একটাও ভোট দেবেন না
রাজনীতি বড় বিচিত্র পথে যাতায়াত করে। কখন যে কার ঘরে পৌঁছে যায় তা কেউ বলতে পারে না। পশ্চিমবঙ্গের ভোট কে কেন্দ্র করে 'ইন্ডিয়া' জোট আগেই ভেঙেছে। এবার এক পা এগিয়ে থাকলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন -' বাম ও কংগ্রেসকে একটিও ভোট দেবেন না।' এর কারণও ব্যাখ্যা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপিকে নিশানা করলেন কেজরীবাল। এদিন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে পাশে নিয়ে বাম ও কংগ্রেসকে নিশানা করে কেজরীবাল বলেন, “ভোট ভাগ হতে দেবেন না। কংগ্রেসকে ভোট দেবেন না। বামেদের ভোট দেবেন না। ভোট নষ্ট হবে। ওরা জিততে চায় না। ওরা ভোট কাটতে চায়। তাই, তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়ে জেতান।”
একসময় ইন্ডি জোটে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে ছিল আপ। তবে এখন কেজরীর দল ইন্ডি জোটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই অবস্থায় এদিন তৃণমূলের হয়ে ভোট প্রচারে এসে বাম ও কংগ্রেসকে এক হাত নেন আপ সুপ্রিমো। অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করে কেজরীবাল বলেন, “গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে নির্বাচনের সময় বলেছিল, ৮ মার্চ থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। আরও একটা মার্চ চলে গেল। এক বছর পেরিয়ে গেলেও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর মোদীজি এখানে এসে বলছেন, মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেবেন। উনি দেবেন না। বরং নিয়ে নেবেন। তাই বিজেপিকে ভুল করেও ভোট দেবেন না।”
