আন্তর্জাতিক
রোবট পাঠিয়ে যুদ্ধে অসাধারণ সাফল্য পেলো ইউক্রেন
যুদ্ধে অনেকটাই দশেহারা হয়ে উঠেছে রাশিয়া। ইউক্রেন এবার সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ আর মানব সেনার লড়াই নয়! লড়াই এখন যন্ত্রে। রণক্ষেত্রের সংজ্ঞা বদলে দিয়ে রক্তপাতহীন এই যুদ্ধেই বিরাট সাফল্য অর্জন করল ইউক্রেন। জেলেনস্কির যন্ত্রদানবের দল কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল রাশিয়ার সামরিক ঘাঁটি। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন এই ঘটনা কল্পবিজ্ঞান ভিত্তিক সিনেমা টার্মিনেটরের বাস্তব রূপ। সম্প্রতি ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, সেনা নয়, শুধুমাত্র রোবট ও ড্রোনের সাহায্যে অভিযান চালিয়ে রাশিয়ার এক ঘাঁটি দখল করেছে তারা। এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই ইউক্রেন বিরাট সাফল্য অর্জন করেছে। কোনও রক্তপাতও হয়নি এই যুদ্ধে।
রাশিয়ার সেনা ইউক্রেনের যন্ত্র সৈন্যের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। ফলে রুশ সেনারও কোনও রক্তক্ষরণ হয়নি। গত ১৩ এপ্রিল এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘গোটা অপারেশন ছিল মানব শূন্য। এখানে পাঠানো হয়েছিল বহু রোবট ও ড্রোন।’
জানা যাচ্ছে, এই অভিযান চালানোর আগেই বিরাট নজরদারি চালানো হয় ড্রোনের মাধ্যমে। এরপর সুযোগ বুঝে এফপিভি, কামকাজির মতো মারণ ড্রোন নির্ধারিত লক্ষ্যে হামলা চালায়। গ্রাউন্ড রোবটগুলি রাশিয়ার বাঙ্কারগুলিকে ধ্বংস করে। বিস্ফোরক বোঝাই রেটল রোবটগুলি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় শত্রুর ঘাঁটিগুলিতে। মেশিনগান যুক্ত রোবটগুলিও হামলা শুরু করে শত্রুকে নিশানা করে।
