Type Here to Get Search Results !

এবার 'যোগ দিবসের' অনুষ্ঠানে কলকাতায় থাকছেন প্রধানমন্ত্রী

 এবার 'যোগ দিবসের' অনুষ্ঠানে কলকাতায় থাকছেন প্রধানমন্ত্রী 



  প্রতি বছরই যোগ দিবসের অনুষ্ঠান করে করে যোগ চর্চাকে সীমাহীন উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। পালাবদলের উপহার পেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ! ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই শহর কলকাতাতেই হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। এখনও পর্যন্ত যা খবর রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে চলেছে এই অনুষ্ঠান, আয়ুষ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। যাতে প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সোমবারই রাজ্যের যোগ জগতের বিশিষ্টজনদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে।  বুধবারই কলকাতার জন্য এই ‘সুখবর’টি শোনান কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। মধ্যপ্রদেশের  খাজুরাহোতে ‘ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস’-এ আয়োজিত “যোগ মহোৎসব ২০২৬” অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়। এখানেই মন্ত্রী যাদব বলেন, ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ কলকাতা শহর এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের আতিথেয়তা করবে।’’ 


  তিনি উল্লেখ করেন, “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”-এটাই এবছরের যোগ দিবসের মূল থিম। কলকাতায় মূল অনুষ্ঠানের খবরে যারপরনাই উচ্ছ্বসিত কলকাতার যোগ জগতের বিশিষ্টরা। কলকাতায় এতদিন যোগ দিবস উদযাপনের দায়িত্বে থাকত ক্রীড়াভারতী। সংস্থার প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার জানিয়েছেন, ‘‘আমরা পঁচিশেই যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় করতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিবেশ অনুকূল ছিল না বলে পারিনি। এবার পালাবদলের উপহার হিসাবে কলকাতা মূল অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেল।’’ অন্যদিকে যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ড. অভিজিৎ ঘোষ জানিয়েছেন, ছাব্বিশের একুশে জুন কলকাতার জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। স্বর্ণাক্ষরে যোগের ইতিহাসে লেখা থাকবে এই দিনটির নাম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.