বিধানসভায় শুরু হয়ে গেলো প্রোটেম স্পিকার তাপস রায়ের শপথ বাক্য পাঠ করানো
এর আগে গত পাঁচ বছর শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় ঢুকবেন। তাই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। পরে মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট ঘরে বিশেষ পুজোয় অংশ নেবেন। প্রোটেম স্পিকার তাপস রায় জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় প্রথমে বিধায়ক হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি শপথ নেবেন। এরপরই প্রথমে মন্ত্রীরা শপথ নেবেন, পরে অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। আজ, বুধবার বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রোটেম স্পিকার তাপস রায় বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। মুখ্যমন্ত্রী হিসাবে আজ, বুধবারই প্রথম বিধানসভায় পা রাখবেন শুভেন্দু। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে।
উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধে। নদিয়া ও দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা দ্বিতীয়ার্ধে বিধায়কপদে শপথ নেবেন। বৃহস্পতিবার প্রথমার্ধে শপথ নেবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। এরপর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে দ্বিতীয়ার্ধে। যেহেতু শুভেন্দু ও হুমায়ুন, দুটি করে আসনে জয়ী হয়েছেন এবং তাপস রায় ইতিমধ্যে শপথ নিয়েছেন, তাই আপাতত ২৯০ জন প্রার্থীর শপথ হওয়ার কথা।
