মনোজের দরবারে বিজেপি - জানালেন ৩ দফা দাবি
আগামীকাল ভোট গণনা। গত কয়েক মাসের যুদ্ধের প্রথম প্রথম পর্বের শেষ। কিন্তু শেষ হয়েও তো শেষ হয় না। ভোটগণনার আগে রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার অগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপির প্রতিনিধি দল। দেখা করে বেরিয়ে আসার পর সাক্ষাতের কারণ নিয়ে মুখ খুললেন মাণিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।তিনি বলেন, 'আমরা তিনটি বিষয় নিয়ে এসেছিলাম। প্রথমত, বর্ধমানে কেন সিএপিএফ এবং জেলা পুলিশ বাইরে ঘোরাফেরা করছিল। দ্বিতীয়ত, পিংলা ও দাসপুরে কোনওভাবেই ক্যাজুয়াল স্টাফ মোতায়েন করা উচিত নয়। তৃতীয়ত, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় দলগুলির জন্য গণনা কেন্দ্রে যথাযথ বসার ব্যবস্থা থাকতে হবে এবং রিটার্নিং অফিসার (RO), সহকারী রিটার্নিং অফিসার (ARO), অবজারভার এবং গণনা আধিকারিকদের তা নিশ্চিত করতে হবে।'
পাশাপাশি তাঁর মুখ থেকে ফলতা ইস্যুর কথাও বেরিয়ে আসে। তিনি বলেন, 'আমাদের মতে, যা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। ফলতায়ও একই ধরনের অনিয়ম দেখা গেছে…'। মাথায় রাখতে হবে, রাজ্য রাজনীতিতে এখন বহু চর্চিত ফলতা। ইতিমধ্যেই ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আপাতত স্থগিত থাকছে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। পুনর্নির্বাচন হবে আগামী ২১ মে। ফলপ্রকাশ ২৪ মে।
