বাংলা সিনেমায় মুক্তির হাওয়া আনার কথা বললেন শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য মনে করে বাংলা সিনেমার স্বাধীনতা বিদায় নিয়েছে বহু বছর আগে। কে কখন কোন সিনেমা করবে তা আগের থেকে নির্দেশ দেওয়া থাকে। সেই দিনের অবসানে স্বাধীনতার ডাক দিলেন শমীক।বাংলা সিনেমার মুক্তি বা ফুটবল ক্লাব। কোনওটাতেই যেন রাজনৈতিক প্রভাব না থাকে। এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য (Samik Bhattacharya)। বললেন, 'কে ছবি বানাবে, কার ছবি নন্দনে আগে মুক্তি পাবে, সেটাও কি অন্য কেউ ঠিক করবে? শিল্পীর মর্যাদা শিল্পীরাই রক্ষা করতে পারেন।' রাজনৈতিক পালাবদলের পর টলিপাড়ার একাংশ এবং ফেডারেশনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এহেন আবহে শমীকের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথগ্রহণ অনুষ্ঠানেও টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে দেখা গিয়েছিল। ব্রিগেডের সেই অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং জিৎ (Jeet) গিয়েছিলেন। এছাড়াও যিশু সেনগুপ্ত, পায়েল সরকার, ঋষি কৌশিক, কৌশিক রায়-সহ আরও অনেকে ছিলেন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল আমলে সরকারি মঞ্চে টলিপাড়ার উপস্থিতি খুবই পরিচিত ছবি ছিল। ২১ জুলাইয়ের সভা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত দেখা যেত অভিনেতা-অভিনেত্রীদের। ফলে সরকার বদলের পর শিল্পীমহলের অবস্থান নিয়েও জল্পনা শুরু হয়েছে।
