অফবিট
'ফিল দ্য জেল’ - কারাবাসের নতুন অভিজ্ঞতা
এবারে হাতগরম চেখে দেখা যাবে— কেমন হয় জেলের জীবন? জেলের খাবার খেতে কেমন? কয়েদির পোশাক কি সত্যিই ডোরাকাটা? সম্প্রতি চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল ‘ফিল দ্য জেল’ (কারাবাস অনুভব করুন) প্রকল্প ঘোষণা করেছে। এর আওতায় সামান্য খরচে কারাজীবন উপলব্ধি করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।জানা গিয়েছে, ‘ফিল দ্য জেল’ প্রকল্পে বিশেষ সেল তৈরি করা হয়েছে। সেখানে থাকতে হলে কারাজীবনের রুটিন মেনে জেলের পোশাক পরতে হবে, মিলবে কয়েদির খাবার। চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা কারাবাসে খরচ পড়বে ২ হাজার টাকা। কেউ ১২ ঘণ্টাও জেলে কাটাতে পারেন। খরচ পড়বে হাজার টাকা। কর্তৃপক্ষের তরফে বার্তা, স্বাধীনতার মানে বোঝাতেই বন্দিজীবন চেখে দেখার অভিনব ব্যবস্থা করা হয়েছে। একটি জীবনে সৎভাবে বাঁচাই স্বাধীন জীবনের একমাত্র পথ হওয়া উচিত। দিনের শেষে এই উপলব্ধিই হবে।
এর পাশাপাশি নিজামের আমলের একটি জেল সংগ্রহশালার উদ্বোধন হয়েছে সম্প্রতি হায়দরাবাদ শহরে। সেখানে ইংরেজ আমল থেকে আজকের সময় অবধি কারাগারের বিবর্তন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, এর আগে তেলঙ্গানায় সাঙ্গারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামের ‘একদিনের জেল অভিজ্ঞতা’ জনপ্রিয় হয়েছিল। এবারও চঞ্চলগুড়াতেও সাধারণ নাগরিকের জন্য কারাবাসের নতুন প্রকল্প। স্বাধীনতা ও বন্দিদশার মধ্যে এক আকাশ পার্থক্য, মাত্র ২ হাজার টাকার বিনিময়ে চেখে দেখেতেই পারেন।
