আজ বেলা ১১টায় শুরু বাজেট অধিবেশন
বিধানসভার বহু প্রতিক্ষিত বাজেট অধিবেশ শুরু হতে চলেছে আর কিছু সময় পরে। নতুন সরকারের প্রথম বাজের অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হবে বিধানসভার অধিবেশনের ৷ বিজেপি সরকারের প্রথম অধিবেশন এবং বাজেট নিয়ে সব মহলের নজর এখন বিধানসভার অধিবেশন ঘিরে। কার্য উপদেষ্টা কমিটির দীর্ঘ বৈঠকে শাসক ও বিরোধীদের যৌথ সম্মতিতে অধিবেশনের একটি বিস্তারিত খসড়া রূপরেখা চূড়ান্ত করা হয়েছে ৷ সেখানে সর্বসম্মতভাবে স্থির হয়েছে যে, আপাতত আগামী ২৫ জুন পর্যন্ত এই পর্বের অধিবেশন চলবে৷ এরপর অধিবেশন শুরু হবে ফের ৬ জুলাই থেকে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির চূড়ান্ত করা সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১’টায় ভারতীয় সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ মেনে রাজ্যপাল আর এন রবি তাঁর প্রারম্ভিক ভাষণ পাঠ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের সেই ভাষণের প্রতিলিপি বিধানসভার টেবিলে আনুষ্ঠানিকভাবে পেশ করবেন অধ্যক্ষ স্বয়ং।
পাশাপাশি, শাসকদলের কোনও এক প্রবীণ সদস্যের দ্বারা ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব উত্থাপিত হবে, যা সমর্থন করবেন অপর একজন সদস্য।
সোমবার ঠিক বেলা ১২টায় বিধানসভার কক্ষে ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বা রাজ্য বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী। নতুন সরকার তাদের প্রথম বাজেটে রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে কী দিশা দেখায়, কর্মসংস্থান ও শিল্পের ক্ষেত্রে কোনও নতুন রূপরেখা থাকে কি না, তা নিয়ে সমাজের সব স্তরেই প্রবল কৌতূহল রয়েছে৷ ২৩ ও ২৪ জুন অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা, মেনশন পর্ব এবং সাধারণ বাজেটের ওপর বিতর্ক চলবে।